বিশেষ প্রতিনিধি, nipon।।
কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩৭), তিনি তেচ্ছিপুলের আসকরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, দুপুর ১টার দিকে সাদ্দাম হোসেনের মুদি দোকানের সামনে তার সঙ্গে শফি আলম (৩০) নামের এক ব্যক্তির মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শফি আলম তার হাতে থাকা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়েন। এতে সাদ্দাম হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, হামলাকারী শফি আলম একই এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পালিয়ে আছেন। রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার পর কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতি বৃদ্ধি করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।