বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা আবাসিক ভবনে মধ্যরাতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রোববার (৩ মে) ভোরে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় আনুমানিক ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ার কারণে অনেক বাসিন্দা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল প্রায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উদ্ধার অভিযানে ১০ জনের বেশি বাসিন্দাকে জীবিত বের করে আনা হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে। ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ