বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মৌসুমি ফল ব্যবসায়ী ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ সোহায়েব। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লিচু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার, অননুমোদিত “ভুটভুটি” (অথরাইজড নয় এমন পরিবহন) চলাচল নিয়ন্ত্রণ এবং মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যত্রতত্র ফলের বাজার বসানো থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের সুবিধার্থে সহজ পদ্ধতিতে কৃষি ঋণ প্রাপ্তির বিষয়েও আলোচনা হয়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোহায়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, পৌর সচিব জহুরুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাম্মৎ আকলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্বাস, সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক কিতাব মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ইউএনও হাসান মোহাম্মদ সোহায়েব বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লিচু ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়াতে হবে। কোনোভাবেই সড়কের ওপর অবৈধ হাট বসানো যাবে না। অননুমোদিত ভুটভুটি চলাচল নিয়ন্ত্রণে নির্ধারিত নিয়ম মানতে হবে। পাশাপাশি কৃষকদের আর্থিক সংকট দূর করতে সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ