বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়ে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনার তথ্য গোপন করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।
এর আগে শুক্রবার রাত ২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। শনিবার সকাল পর্যন্ত চলা এই কর্মসূচির পর সংবাদ সম্মেলনে তারা তাদের ছয় দফা দাবি পুনর্ব্যক্ত করেন।
আন্দোলনকারীরা জানান, গত ১৩ মে তারা অপরাধীকে গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন, যা শুক্রবার রাত ৩টায় শেষ হয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের দাবি, প্রশাসন ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং ভুল ছবি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা আরও অভিযোগ করেন, পূর্ববর্তী কয়েকটি ঘটনায়ও প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
সংবাদ সম্মেলনের পর নারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা লাগিয়ে দেয় এবং দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, আগামীকাল রবিবার থেকে রেজিস্ট্রার ভবনে সব প্রশাসনিক কার্যক্রম অবরোধ করা হবে। প্রক্টরের পদত্যাগ, অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত তদন্ত ছাড়া নেওয়া যায় না। উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
উপাচার্য আরও জানান, ভুল ছবি প্রচারের বিষয়টিও তদন্ত কমিটিতে খতিয়ে দেখা হবে এবং শিক্ষার্থীদের কিছুটা সময় ধৈর্য ধরার আহবান জানান।
হাফিজ/ আয়না নিউজ