বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে।
মৃত শিশুদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত শিশুটি বরিশালের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৫ শিশু।
এদিকে, ১৫ মার্চ থেকে সারা দেশে মোট ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তারা।
হাফিজ/ আয়না নিউজ