বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশজুড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে এ বিষয়ে পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে হাম বা সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা কেবিন স্থাপন ও চালু রাখতে হবে। পাশাপাশি আক্রান্ত রোগীদের দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড দিতে হবে।
এছাড়া রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ