বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে তিনি বলেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”
তিনি আরও বলেন, “তুমি চলে গেছ, তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।”
নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে জামায়াত আমির বলেন, “আমরা এই নরপশু হত্যাকারীর বিচার ও শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।”
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানা-এ হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ