বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আফগানিস্তানে তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর খেলাধুলা থেকে কার্যত নির্বাসিত হওয়া নারী ক্রিকেটারদের জন্য অবশেষে এলো আশার আলো। দীর্ঘ পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক পরিবেশে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের শরণার্থী নারী ক্রিকেটাররা।
আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে আফগান নারী শরণার্থী ক্রিকেট দল। সফরকালে তারা কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এবং অনুশীলনে অংশ নেবে। পাশাপাশি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও উপভোগ করবেন দলটির সদস্যরা।
এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সফরটি শুধু ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং সাংস্কৃতিক ও মানবিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দলটিতে রয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা। তালেবান সরকারের বিধিনিষেধের কারণে তারা খেলাধুলা ও জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তাদের বেশিরভাগই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ এতদিন পাননি।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোন্সএই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ক্রিকেটাররা অসাধারণ সাহস দেখিয়েছে। সবকিছু হারিয়েও তারা ক্রিকেটকে ছাড়েনি।”
তিনি আরও বলেন, “তারা বিশ্ব ক্রিকেটের অংশ হওয়ার যোগ্য।”
ইসিবির ডেপুটি প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেন, “ক্রিকেটের দায়িত্ব হচ্ছে অন্তর্ভুক্তি ও সুযোগ নিশ্চিত করা। এই সফর নিয়ে আমরা গর্বিত।”
আফগান নারী ক্রিকেটারদের এই প্রত্যাবর্তন শুধু একটি দলের মাঠে ফেরা নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক অনুপ্রেরণার গল্প হিসেবেও দেখা হচ্ছে।
হাফিজ/ আয়ন নিউজ