বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় এ প্রতিবাদ মিছিল শুরু হয়। এতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।
এর আগে একই দিনে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ কথা বলতে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।
ঘটনার পরপরই এ হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভে নামে এনসিপির নেতাকর্মীরা।
হাফিজ/ আয়না নিউজ