বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রোববার (২৪ মে) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ দেখা গেলেও এবার এখন পর্যন্ত বড় ধরনের হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি।
সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ির পথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ছয়টি ট্রেন ছেড়ে গেছে এবং অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের কাছাকাছি চলাচল করছে। যাত্রীদের মতে, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ছাদে যাতায়াত ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার যানজটে ভোগান্তিতে যাত্রীরা
এদিকে রেলমন্ত্রী জানান, আগামীকাল থেকে অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন—অর্থাৎ ১০টি ট্রেন—চালু করা হবে। এতে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি আরও কমবে এবং যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
তিনি আরও বলেন, আজ সকালে দুটি ট্রেনে উঠে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং ব্যবস্থাপনাকে সন্তোষজনক বলে মনে হয়েছে। তবে কিছু ট্রেন স্বল্প সময়ের জন্য বিলম্বে ছেড়েছে, যার মধ্যে একটি প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা দেরি করেছে। এসব সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। হাফিজ/ আয়না নিউজ