বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোচনায় রয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মালিক’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমা ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। ঈদের আগে সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী মিম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক গানের কিছু ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা ও উচ্ছ্বাস। ক্যাপশনে মিম লেখেন, “‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু মুহূর্ত। খুব শিগগিরই আসছে।”
শেয়ার করা ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের। গোলাপি জামদানিতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে মিমকে দেখা গেছে ভিন্ন এক লুকে। খোঁপায় ফুল, মানানসই গয়না ও স্নিগ্ধ উপস্থিতিতে তিনি ভক্তদের মুগ্ধ করেছেন।
অন্যদিকে, আরিফিন শুভকে দেখা গেছে নতুন লুকে—লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই রঙের শার্ট ও জিন্সে। তার এই চরিত্রাভিনয় ঘিরেও দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘মালিক’ ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে। বিশেষ করে রোমান্টিক গানের ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।