বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার (২৪ মে) সকালে চামান ফটকের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো। সকাল ৮টার কিছু পর চামান ফটকের কাছে পৌঁছালে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের ঘরবাড়ি ও যানবাহনও ক্ষতির শিকার হয়। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে।
তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতা জোরদার করতে ঘটনাস্থলে রেসকিউ ট্রাক এবং একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, এটি পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী হামলা।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এখনও পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ হতাহতের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ