বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার মামলার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, মামলাটির চার্জশিট দাখিলসহ বিচারিক কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করছে।
রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে ডেটা এন্ট্রি ও অন্যান্য কারিগরি প্রক্রিয়া চলছে।
চার্জশিটে প্রধান আসামি হিসেবে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। স্বপ্না আক্তারকে ইতোমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। জবানবন্দিতে তিনি জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেন এবং এরপরই শিশু রামিসাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, ঘটনার সময় সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘরের একটি কক্ষে আটকে রাখেন। পরে মরদেহ গুমের চেষ্টা চলাকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সোহেল ও তার সহযোগী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হাফিজ/ আয়না নিউজ