বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম বাড়ানো হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ