বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
আসন্ন ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহন করা নিয়ে তুমুল বিতর্কের পর অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা। নিজেদের অবস্থান স্পষ্ট করে ফিফা জানিয়েছে, দর্শকরা এবার স্টেডিয়ামে একবার ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্টেডিয়ামে যেকোনো ধরনের বোতল, কাপ, জার ও ক্যান বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে।
পোস্টে বলা হয়, ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন। তবে নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এগুলো ছুঁড়ে মারলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
ইংলিশ সমর্থক গোষ্ঠী ‘দ্য ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলে, স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এটি আসলে টাকা হাতানোর আরেকটি নতুন ফন্দি।
টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে বিতর্কিত এমন সিদ্ধান্তের পর বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়েন তারা। তীব্র গরমের মধ্যে এমন নিষেধাজ্ঞা দর্শকদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্য ও তাপমাত্রাবিষয়ক বিশেষজ্ঞরা।
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, তীব্র গরমে শুধু খেলোয়াড়রাই নয়, বরং দীর্ঘ সময় স্টেডিয়ামে অবস্থানকারী দর্শকরাও ঝুঁকির মুখে পড়বেন।
উল্লেখ্য, গত ২০২২ কাতার বিশ্বকাপেও দর্শকদের স্টেডিয়ামে কোনো ধরনের পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি ছিলো না।
সূর্যয় / আয়না নিউজ