বিশেষ প্রতিনিধি, Riyadh Khan।।
সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের ঠেলে (পুশ ইন) দেওয়ার প্রতিবাদে কর্মসূচি দেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, চট্টগ্রামের সমাবেশ ছাড়াও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠক সূত্র জানিয়েছে, চলমান বিভাগীয় সমাবেশের বিরতিতে পুশ ইনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে। সীমান্ত হত্যা, দেশের আইন-শঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদও জানানো হবে।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বিডিপির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি উপস্থিত ছিলেন।
সভায় খেলাফত আন্দোলনের প্রতিনিধিত্ব ছিল না। দলটি ১১ দল ছাড়তে পারে বলে গুঞ্জন রয়েছে। বাংলাদেশ খেলাফত, এবি পার্টি এবং জাগপার প্রতিনিধিরা না থাকলেও, তারা মঙ্গলবার জামায়াতের ছায়া বাজেট উপস্থাপনে ছিলেন।
রিয়াদ খান/আয়না নিউজ