বিশেষ প্রতিনিধি, Md Al Rajib।।
হাওলাদার রাসেল, বরিশাল ব্যুরো : আয়না টেলিভিশনে সংবাদ প্রকাশের পর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহতের পরিবারকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে বরিশালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে পৃথক চেক তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরের সময় সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় সোহেলের মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে আরও ২৫ লাখ টাকা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, উত্তর যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নিহত সোহেলের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
রাসেল/ হাফিজ/ আয়না নিউজ