বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের বারুইপাড়া এলাকায় কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখা । শনিবার (১৩ জুন) বিকেলে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতেবিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গত ১০ জুন বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়ল নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বারুইপাড়া বাজারে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর দায়ের করা মামলায় জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। এর প্রতিবাদে শনিবার বিকেলে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন এবং মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ড একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, মনজুরুল হক রাহাদ এমপি, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান ও অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোর্শেদুল আলম, সদর উপজেলা আমির মাওলানা ফেরদৌস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জামায়াতের নামে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে বারুইপাড়ায় সংঘটিত ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা তাদের দাবির বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
সোহাগ/ আল রাজীব/ আয়না নিউজ