বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ হামলায় নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন সেনাসদস্য ও ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ জন হামলাকারী নিহত হয়। হামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও প্রায় ২০ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে বিমানবন্দর ও সংলগ্ন সামরিক ঘাঁটি এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে।
ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর একটি। এটি শুধু বেসামরিক বিমান চলাচলের কেন্দ্রই নয়, একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ও আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রমের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা।
এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার না করলেও পরবর্তীতে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জেএনআইএম (JNIM) হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
হামলার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ