বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহবান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান এ সংকট শুধু বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি বড় মানবিক চ্যালেঞ্জ। তাই এর সমাধানে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকট দীর্ঘায়িত হওয়ায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ ক্রমেই বাড়ছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মানবিক সংকট মোকাবিলায় অর্থায়নের ঘাটতি পূরণে বিশ্বনেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন।
শামা ওবায়েদ ইসলাম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতা বজায় রাখতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী সদস্যদের অবদানের প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় নারীদের আরও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান সম্ভব হবে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠী দ্রুত তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে।
হাফিজ/ আয়না নিউজ