বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে ইরান। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই বৈঠকে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন ও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান এবং হামলায় হতাহতের ঘটনায় তেহরান ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চলমান সংঘাত নিরসনে যে সমঝোতার পরিবেশ তৈরি হয়েছিল, ইসরায়েলের এসব পদক্ষেপ তা ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে সফর পিছিয়ে দেওয়ার কথা জানালেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, লেবাননের পরিস্থিতি এবং ইরানের আপত্তিই আলোচনার অগ্রগতি থামিয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ওয়াশিংটন-তেহরান সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। সাম্প্রতিক সমঝোতার পর উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও বর্তমান পরিস্থিতি সেই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
অঞ্চলজুড়ে চলমান সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
হাফিজ/ আয়না নিউজ