বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নিয়ে বলেন, পেশাদারিত্ব, সেবা ও সততাকে প্রাধান্য দিয়ে পঞ্চগড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, পঞ্চগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তথ্যভিত্তিক ও জনস্বার্থে কার্যকর সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে।
সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নানা প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসাইনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ