বিশেষ প্রতিনিধি, nipon।।
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারি নির্ধারিত পরীক্ষা ৯ জানুয়ারি পুনর্নির্ধারিত হয়েছিল। পরে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষা সকাল থেকে বিকেলে স্থানান্তর করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,৮০৮টি আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে ৭,৪৫,৯২৯টি আবেদন পড়েছে। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬টি পদের জন্য ৩,৩৪,১৫১ জন প্রার্থী আবেদন করেছেন।
এছাড়া তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।