| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবির বৈঠক সন্ধ্যায়

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 118719 বার পঠিত
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবির বৈঠক সন্ধ্যায়

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নড়চড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতি বছর এই লিগ থেকে দেশের ক্রিকেটাররা বড় অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন। কিন্তু এবারের আসর নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে ঘিরে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বের কারণে লিগটি অনিশ্চয়তায় পড়ে যায়।

পরিস্থিতির পরিবর্তন আসে বোর্ড পুনর্গঠনের পর। নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল গতকাল (বুধবার) লিগ আয়োজন নিয়ে ইতিবাচক বার্তা দেন। বোর্ড সভা শেষে তিনি জানান, খুব দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দলবদল ও লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বোর্ড কার্যালয়ে চা-চক্রের মাধ্যমে বৈঠক শুরু হবে। সেখানে অংশ নেবেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। বৈঠকে দলবদলের সময়সূচি এবং লিগ শুরুর সম্ভাব্য তারিখ চূড়ান্ত হতে পারে।

এদিকে, ঢাকা লিগ শুরু হলে সূচিতে পরিবর্তন আসতে পারে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও। বিশেষ করে লাল বলের প্রতিযোগিতা বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

মাঠ সংকট নিয়েও কথা বলেছেন তামিম। তিনি জানান, প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে। তার ভাষায়, দেশের বিভিন্ন বেসরকারি একাডেমির মাঠ এখন প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের উপযোগী। প্রয়োজন হলে সেসব মাঠ ভাড়া নিয়েই লিগ আয়োজন করা হবে।

সব মিলিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর পথে এগোচ্ছে, যা দেশের ক্রিকেটারদের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪