ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি কমিউটার ট্রেন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই লাইনে প্রবেশ করা একটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে সেটিকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা আটকা পড়ে যান।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিস্থিতি উদ্বেগজনক এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ