তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণের দিন সকালেই দীর্ঘদিনের প্রথা ভেঙে বুথ পরিদর্শনে বেরিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোট শুরুর আগেই তিনি নিজের নির্বাচনী এলাকা ভবানীপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের দিন সকালের সময়টুকু বাড়িতে কাটান। কিন্তু এবার তিনি সরাসরি রাস্তায় নামেন একজন সাধারণ প্রার্থী হিসেবে ভোটার ও দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে। মমতার এই আকস্মিক সক্রিয়তা তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কড়া নজরদারি এবং ভবানীপুরের রাজনৈতিক উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
কালীঘাটের বাসভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকালে প্রথমে চেতলা এলাকায় তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন। নির্বাচনের আগে গত সোমবার রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের আকস্মিক তল্লাশি অভিযানে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।
আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগ্রহণ চলছে
এদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করে মমতার এই আগাম তৎপরতাকে কটাক্ষ করে মন্তব্য করেন,‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’।পরাজয়ের প্রবল আশঙ্কা এবং নিজের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার রেওয়াজ ভেঙে সাতসকালে পথে নেমেছেন।
দুই হেভিওয়েট প্রার্থীর ভবানীপুর কেন্দ্রে সরাসরি সংঘাত এবং পাল্টা পাল্টি আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভোটারদের আত্মবিশ্বাস জোগাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সচেষ্ট তেমনি শুভেন্দু অধিকারী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকে এবং সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, তা দেখার জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এফএ/আয়না