ভারতের মধ্যপ্রদেশের বার্গি বাঁধের কাছে নর্দমারনদীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি পর্যটকবাহী ক্রুজ বোট উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে এক মা ও তার চার বছরের শিশুসন্তানও রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) সকালে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত্যুর সময় মা তার সন্তানকে বুকে জড়িয়ে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
দুর্ঘটনাটি ঘটে বার্গি বাঁধের কাছে, যেখানে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হয়। এর ফলে নৌকাটি ভারসাম্য হারিয়ে দ্রুত পানিতে ডুবে যেতে থাকে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় দিল্লি থেকে আসা একটি পরিবারের চারজন পর্যটক ছিলেন। তাদের মধ্যে বাবা ও মেয়ে বেঁচে গেলেও মা ও শিশু সন্তান প্রাণ হারান।
এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, মুহূর্তের মধ্যে নৌকাটি পানি ভর্তি হয়ে যায় এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তিনি বলেন, “কী ঘটছিল কেউ বুঝতে পারছিল না। সবাই সাহায্যের জন্য চিৎকার করছিল।”
আরেক বেঁচে যাওয়া ব্যক্তি সৈয়দ রিয়াজ হোসেন জানান, তিনি প্রায় দুই ঘণ্টা পানিতে আটকে ছিলেন এবং পরে উদ্ধারকারী দল তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
এ পর্যন্ত উদ্ধারকারীরা ২৪ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া পাঁচ শিশুসহ আরও অন্তত ৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
হাফিজ/ আয়না নিউজ