সব ধরনের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরান। গতকাল শনিবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরান সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে একটি স্থায়ী সমাধানের ওপর জোর দিচ্ছে। তাদের দাবি, চলমান সংকটের টেকসই নিষ্পত্তিই এই প্রস্তাবের মূল লক্ষ্য।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের যুদ্ধবিরতির সময় চাইলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির অবস্থান, সব ধরনের সমস্যার সমাধান সর্বোচ্চ ৩০ দিনের মধ্যেই সম্পন্ন হতে হবে।
ইরানের দেওয়া নতুন শান্তি পরিকল্পনায় বেশ কয়েকটি কঠোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা প্রদান।
ইরানের সীমান্তবর্তী অঞ্চল থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার
ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া
লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধের অবসান নিশ্চিত করা
এই প্রস্তাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হাফিজ/ আয়না নিউজ