কেরালার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস রচনা করেছেন তরুণ আইনজীবী ফাতিমা তাহিলিয়া। বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা আসনে জয়ী হয়ে তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর প্রথম নারী সদস্য হিসেবে রাজ্য আইনসভায় নির্বাচিত হয়েছেন।
মাত্র ৩৪ বছর বয়সী এই প্রার্থী সিপিআই(এম)-এর জ্যেষ্ঠ নেতা ও এলডিএফ কনভেনর টি.পি. রামকৃষ্ণন-কে পরাজিত করে চমক সৃষ্টি করেন। তিনি মোট ৮১ হাজার ৪২৯ ভোট পেয়ে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে একই আসনে রামকৃষ্ণন ২২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন।
এই ফলাফল এলডিএফের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং মালাবার অঞ্চলে ভোটারদের মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, তাহিলিয়ার জয় মুসলিম তরুণীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং আইইউএমএলে নারী নেতৃত্বের পথ আরও প্রসারিত করতে পারে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, আইইউএমএল খুব কমই নারী প্রার্থী দিয়েছে। ২০২৬ সালের আগে দলটি মাত্র দুজন নারীকে মনোনয়ন দিয়েছিল—১৯৯৬ ও ২০২১ সালে—তবে তারা কেউই জয়ী হতে পারেননি।
ছাত্ররাজনীতি থেকেই তাহিলিয়ার রাজনৈতিক উত্থান। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের (এমএসএফ) রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এর নারী শাখা ‘হারিতা’র প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত তিনি ২০২০ সালে কোঝিকোড সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন।
নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করে প্রবীণ ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেন তিনি। তার প্রচারণায় গত ৩১ মার্চ অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
পেশাগত জীবনে তিনি কোঝিকোড জেলা আদালতের একজন আইনজীবী। পাশাপাশি সামাজিক নানা ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছেন। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মুসলিম নারীদের শিক্ষার প্রসারে কাজ করেছেন তিনি। হিজাবকে পরিচয়ের অংশ হিসেবে রক্ষার পক্ষেও সোচ্চার ছিলেন।
দলের অভ্যন্তরে অভিজ্ঞতার অভাব নিয়ে সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থানে অটল ছিলেন তাহিলিয়া। এর আগে এমএসএফের জাতীয় সহ-সভাপতির পদ থেকে বহিষ্কৃত হন তিনি। তখন তিনি অভিযোগ করেছিলেন, সংগঠনের কিছু জ্যেষ্ঠ নেতা নারীদের প্রতি অশালীন আচরণ করেছেন এবং তাদের কণ্ঠরোধের চেষ্টা করেছেন। ২০২১ সালে তার নেতৃত্বে একদল নারী এ বিষয়ে রাজ্য মহিলা কমিশনে অভিযোগও দায়ের করেন।
ফাতিমা তাহিলিয়ার এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং কেরালার রাজনীতিতে নারী অংশগ্রহণের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
হাফিজ/ আয়না নিউজ