ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ছড়িয়ে পড়েছে সহিংসতা। রাজ্যের বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর, হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার ন্যাজাট এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ওসি ভরত প্রসূন কর। এ সময় আরও এক কনস্টেবল আহত হন। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের সংঘর্ষের মাঝে একটি বাড়ি থেকে গুলি চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বীরভূম জেলার নানুরে তৃণমূল কংগ্রেসের কর্মী আবির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাকে একা পেয়ে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। একইভাবে হাওড়ার উদয়নরায়ণপুরে বিজেপির কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম কর্মী শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার জন্যও রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করা হচ্ছে।
রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ভাঙচুরের অভিযোগ তুলে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। যদিও পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া বুলডোজার ব্যবহার করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন।
আরও পড়ুন :
কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থালাপতি’ বিজয়
এছাড়া জিয়াগঞ্জে ভ্লাদিমির লেনিন-এর আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনাও উত্তেজনা ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল যুবক লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চালায়।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার অভিযোগ, বিজেপি সমর্থিতরা এই হামলা চালিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ফল প্রকাশের পর থেকে তাদের কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চলছে এবং শতাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সহিংসতা নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ