যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় এখন যুক্তরাষ্ট্র সংঘাত নয়, বরং কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হতে চায়।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে রুবিও বলেন, “অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। নতুন করে কোনো উত্তেজনা চাই না। এখন আমাদের অগ্রাধিকার শান্তি।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, দুই দেশের মধ্যে ১৪ দফার একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা সফল হলে চলমান উত্তেজনা কমে আসতে পারে এবং হরমুজ প্রণালির পরিস্থিতিও স্বাভাবিক হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পরিচালিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হয়ে কূটনৈতিক আলোচনার নতুন অধ্যায় শুরু হতে পারে। রুবিও আরও জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনা ফলপ্রসূ না হলেও নতুন প্রস্তাবের ভিত্তিতে আবারও সংলাপের সম্ভাবনা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ