পারস্য উপসাগরে কৌশলগত ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামরিক বল প্রয়োগে ব্যর্থ হয়ে পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কারণে ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
সূত্র জানায়, সৌদি আরব তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পাহারার মার্কিন পরিকল্পনা থমকে যায় বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, রোববার ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অভিযান শুরুর ঘোষণা দিলে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি মিত্র দেশ বিস্মিত হয়। পরে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেও তিনি এ উদ্যোগে সমর্থন দেননি।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয় যে রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এ অভিযানে সহায়তার জন্য সৌদি আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না।
এক সৌদি সূত্র জানিয়েছে, বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে বিস্মিত হওয়ার সুযোগও নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে রিয়াদ পূর্ণ সমর্থন দিচ্ছে বলেও উল্লেখ করা হয়।
তবে হোয়াইট হাউস দাবি করেছে, হরমুজে অভিযান বিষয়ে পশ্চিম এশিয়ার মিত্রদের আগেই অবহিত করা হয়েছিলো। যদিও ওমানের এক কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে প্রকাশ্যে ঘোষণা দেয়, পরে তাদের সঙ্গে যোগাযোগ করে।
এদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী যেকোনো বাণিজ্যিক জাহাজকে তারা সামুদ্রিক, যান্ত্রিক ও চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেওয়ার একদিন পর তেহরানের পক্ষ থেকে এ বার্তা দেয়া হলো।
হাফিজ/ আয়না নিউজ