| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক বাতিলে মার্কিন আদালতের রায়

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 59113 বার পঠিত
ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক বাতিলে মার্কিন আদালতের রায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন সব দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’কে অবৈধ ঘোষণা করেছে দেশটির নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালত। আদালতটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের সমমর্যাদাসম্পন্ন।

বৃহস্পতিবার (৮ মে) দেওয়া এক রায়ে আদালতের তিন বিচারপতির বেঞ্চ বলেন, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট’ (আইইইপিএ) আইনের আওতায় ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন, সেই আইন তাকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় না। বেঞ্চের দুই বিচারপতি রায়ের পক্ষে মত দিলেও একজন বিচারপতি ভিন্নমত পোষণ করেন। তার মতে, ট্রাম্পের শুল্কনীতি আইইইপিএ আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন চাইলে এই রায়ের বিরুদ্ধে ওয়াশিংটনের ইউএস কোর্ট অব আপিল ফর দ্য ফেডারেল সার্কিটে আপিল করতে পারবে। সেখানে রায় বিপক্ষে গেলে তাদের শেষ ভরসা হবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল আইইইপিএ আইনের আওতায় নতুন শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প। ওই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের সময় ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টাপাল্টি শুল্কও ব্যবহার করা হয়।

 চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক বিরোধে এই শুল্কনীতি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির ফলে গত প্রায় এক বছরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার রাজস্ব আয় করেছে।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে। আদালত জানায়, আইইইপিএ আইনটি বিধিবহির্ভূতভাবে ব্যবহার করা হয়েছে এবং এর আওতায় আরোপিত শুল্ক আইনসঙ্গত নয়।

সুপ্রিম কোর্টের ওই রায়ের সমালোচনা করে ট্রাম্প একই দিন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের আওতায় বিশ্বের প্রায় সব দেশের ওপর সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, এই শুল্ক ১৫০ দিনের জন্য কার্যকর থাকবে।

সে অনুযায়ী, আগামী ২৪ জুলাই শেষ হবে এই অস্থায়ী শুল্কের মেয়াদ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪