তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বাম দল ও ভিসিকেসহ আরও কয়েকটি দলের সমর্থন পাওয়ায় এখন সরকার গঠনে কোনো প্রকার বাধা রইলো না।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সর্বশেষ সমঝোতায় কংগ্রেসের কয়েকজন বিধায়কসহ মোট তিনটি রাজনৈতিক শক্তির সমর্থন নিশ্চিত করেছে টিভিকে।
সমর্থনের হিসাব কী বলছে
নতুন সমর্থন যুক্ত হওয়ার পর টিভিকের পক্ষে বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১৯ জনে, যা ২৩৪ আসনের বিধানসভায় প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, সিপিআই এবং সিপিএম–এর দুইজন করে বিধায়কের সমর্থন যুক্ত হয়েছে বলে জানা গেছে।
গভর্নরের সঙ্গে টানা বৈঠক
শুক্রবার (৮ মে) বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসেন বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের পরই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উপস্থাপন করতে পারেন।
এর আগে দুই দফা বৈঠকে গভর্নর দাবি করেছিলেন, টিভিকের কাছে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নেই।
নির্বাচনের ফলাফল ও জটিলতা
গত মাসের বিধানসভা নির্বাচনে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে চমক সৃষ্টি করে। ফলে দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা লাগে।
তবে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র কয়েকটি আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে শুরু হয় রাজনৈতিক জটিলতা ও দরকষাকষি।
রাজনৈতিক টানাপোড়েন
বিভিন্ন দল শুরুতে ভিন্ন অবস্থান নিলেও শেষ পর্যন্ত একাধিক বাম দল ও ভিসিকে টিভিকের প্রতি সমর্থন জানায়। কংগ্রেস শর্তসাপেক্ষে সমর্থন দিলেও বিজেপি নিয়ে অবস্থান প্রশ্নে রাজনৈতিক আলোচনা আরও জটিল হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমর্থন নিশ্চিত হওয়ার ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবং থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার।
সূত্র: এনডিটিভি।
হাফিজ/ আয়না নিউজ