ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এই পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয় বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।
প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রটি ‘অগ্নি-৬’ কিনা তা নিশ্চিত করা না গেলেও এটি আইসিবিএম শ্রেণির একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের দীর্ঘ-পাল্লার কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি, যা ভারতের দূরপাল্লার আঘাত সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। সফল এই পরীক্ষার মাধ্যমে দেশটির রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং পুনঃপ্রবেশ (রি-এন্ট্রি) প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি. কামাত এর আগে জানিয়েছিলেন, সরকারের অনুমোদন পাওয়া গেলে অগ্নি সিরিজের উন্নত সংস্করণ নিয়ে কাজ এগিয়ে নিতে সংস্থাটি প্রস্তুত।
এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানায়, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র দেশের কৌশলগত শক্তিকে আরও সুদৃঢ় করবে।
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে ভারত এখন বিশ্বের সীমিত কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো, যাদের কাছে আন্তঃমহাদেশীয় পারমাণবিক সক্ষমতা রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ