যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ব্যর্থ হলে নতুন বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সম্ভাব্য ওই অভিযানের নাম হতে পারে ‘অপারেশন স্লেজহ্যামার’।
মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ভেতরে আলোচনা চলছে পূর্ববর্তী সামরিক অভিযানের নাম পরিবর্তন করে নতুন একটি নাম ব্যবহারের বিষয়ে। এর আগে এই অভিযানকে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে উল্লেখ করা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রশাসনের একটি অংশ মনে করছে, নতুন নাম ব্যবহার করলে বিষয়টিকে আলাদা সামরিক অভিযান হিসেবে উপস্থাপন করা সম্ভব হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ অনুযায়ী কংগ্রেস অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের সামরিক অভিযান পরিচালনার সময়সীমার সঙ্গে সম্পর্কিত আইনি ব্যাখ্যায় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন ও তেহরান গত মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন কোনো আলোচনায় যাওয়ার আগে তাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, যুদ্ধক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি।
কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত থাকায় এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হাফিজ/ আয়না নিউজ