দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাহমুদ হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা এবং দক্ষিণ কোরিয়ার ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় যান মাহমুদ হাসান। শনিবার (১৬ মে) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। এসময় অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাসস্টপে ধাক্কা লাগে। সংঘর্ষের পর গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহপাঠীদের সূত্রে জানা যায়, কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ায় ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন মাহমুদ। তার আকস্মিক মৃত্যুতে বন্ধু ও সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
মাহমুদের ঘনিষ্ঠ বন্ধু নাদিম নূর বলেন, আমরা একসঙ্গে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। সবাই তার জন্য দোয়া করবেন এবং বিদেশে সাবধানে গাড়ি চালাবেন।
এদিকে মাহমুদ হাসানের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ/ আয়না নিউজ