ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ডুয়েটের প্রধান ফটকের সামনে এই উত্তেজনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি দ্রুত ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া–পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট মোতায়েন করা হয়।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয় এবং শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরবর্তীতে তারা ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেন।
তিনি আরও জানান, রোববার সকালে আন্দোলন আবারও শুরু হলে ভিসিপক্ষের সমর্থনে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা আলাদা। তাই বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে নিয়োগ দেয়ার দাবি জানান তারা।
হাফিজ/ আয়না নিউজ