নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা ।
সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। সড়কটির একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করে। এতে ধীরে ধীরে যানজট মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী প্রায় ১৭ কিলোমিটার এলাকায় সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।
ঢাকাগামী একজন গাড়ীচালক বলেন, ভোর থেকে যানজটে আটকে আছি। পণ্য সময়মতো পৌঁছাতে পারছি না, এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। মহাসড়কের এমন অবস্থার দ্রুত সমাধান দরকার।
ভুক্তভোগী এক যাত্রী জানান, যেখানে ১০ মিনিটে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ এড়ানো সম্ভব হতো।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে । এসময় দ্রুতই যান চলাচল স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন তিনি।
আল রাজীব/ আয়না নিউজ