ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর কেরালায় আবারও ক্ষমতায় ফিরলো কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রতিনিধিরা এবং হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সাতিসানের সঙ্গে একযোগে তার পুরো মন্ত্রিসভাও শপথ নেয়। কেরালার রাজনৈতিক ইতিহাসে প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম মুখ্যমন্ত্রী ও পুরো মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করলো।
২১ সদস্যের এই ইউডিএফ সরকারে ঠাঁই পেয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রমেশ চেনিথালা, কে মুরালিধরণ এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান সানি জোসেফ।
এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নেতাদের মধ্যে পি কে কুন্নালিকুট্টি, পি কে বশির, এন সামসুদিন, কে এম শাজি এবং ভি ই আব্দুল গফুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া অন্য মন্ত্রীরা হলেন মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সি পি জন, এ পি অনিল কুমার, টি সিদ্দিকী, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এম লিজু, কে এ তুলসী এবং ও জে জেনীশ।
এর আগে ভিডি সাতিসান জানান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমীকরণের কথা বিবেচনা করতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া সম্ভব হয়নি। তবে শরিক দল এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সরকার গঠনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
২০২৬ সালের কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে ৬৩টি আসন লাভ করেছে। অন্যদিকে ১৪০ আসনের বিধানসভায় সাতিসানের নেতৃত্বাধীন ইউডিএফ জোট পেয়েছে ১০২টি আসন। এই জয়ের মধ্য দিয়ে কেরালায় সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) ১০ বছরের শাসনের অবসান ঘটলো।
হাফিজ/ আয়না নিউজ