| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে হামলা হলে তা ভারতের জন্য অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 31967 বার পঠিত
পাকিস্তানে হামলা হলে তা ভারতের জন্য অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানবিরোধী বিতর্কিত বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভারতের মন্তব্যকে ‘চরম কাণ্ডজ্ঞানহীনতা’ ও ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেছে।

রোববার (১৭ মে) এক বিশেষ বিবৃতিতে আইএসপিআর জানায়, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত বিপজ্জনক। পাকিস্তান সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য পুরো অঞ্চলকে আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে অনুষ্ঠিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সেনাপ্রধান। সেখানে গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও সীমান্তে তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলে টিকে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে।

জেনারেল দ্বিবেদীর এই মন্তব্যকে ‘উগ্র জাতীয়তাবাদী’ ও ‘অহংকারপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। আইএসপিআর বলেছে, ভারতের নেতৃত্বের এমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও সংকটের মুখে ফেলেছে। একই সঙ্গে দিল্লির নীতিনির্ধারকদের অতীত থেকে শিক্ষা না নেওয়ার অভিযোগও আনা হয় বিবৃতিতে।

পাকিস্তান আরও জানায়, কোনো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা হলে তার জবাবও হবে ‘সমমানের ও ব্যাপক’। ইসলামাবাদ স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছে, সম্ভাব্য কোনো সংঘাতের ধ্বংসযজ্ঞ কখনোই একতরফা হবে না; বরং তা দুই দেশের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় বিপর্যয় ডেকে আনতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪