যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পাঠানো সংশোধিত একটি প্রস্তাব ফাঁস হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওই প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে শর্তসাপেক্ষে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তেহরান।
সোমবার (১৮ মে) তারা কয়েকটি প্রস্তাব প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরে সম্মত হতে পারে। তবে তা যুক্তরাষ্ট্র নয়, বরং রাশিয়ার কাছেই পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটি। বিষয়টি নিয়ে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হতে পারে।
ইরানের নতুন প্রস্তাবে আরও বলা হয়েছে, দেশটি দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে রাজি, তবে স্থায়ীভাবে কর্মসূচি বন্ধ করবে না। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান হলো, ইরানকে সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে।
এছাড়া সংশোধিত প্রস্তাবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে না। তবে এর পরিবর্তে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ও ছাড় চায়।
ইরানি আলোচকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ১৪ দফা বিশিষ্ট এই নতুন প্রস্তাবের মূল লক্ষ্য হলো যুদ্ধ পরিস্থিতি এড়ানো এবং ওয়াশিংটনের সঙ্গে আস্থা পুনর্গঠন করা।
এদিকে বর্তমানে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তার তেহরান সফর কয়েকদিন বাড়ানো হয়েছে, যা এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ