সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো— ইশিতা কাহের, সুস্মিতা ও লাবিবা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নিহত তিন শিশুর বয়সই এক বছরের কম বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন আরও ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা যাওয়া ৪০ শিশুর মধ্যে ৪ জনের হামের সংক্রমণ ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছিল, বাকি শিশুরা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
হাফিজ/ হাফিজ