বাংলা চলচ্চিত্র ‘তোমাকে চাই’ এবার বড় পর্দায় বিনা মূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই ছায়াছবিতে অভিনয় করেছিলেন তৎকালীন সুপারষ্টার নায়ক প্রয়াত সালমান শাহ ও বিউটি কুউন শাবনুর। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেন মতিন রহমান। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ারা ও রীনা খান।
মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত কাজ হিসেবে পরিচিতি পায়।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে, আগামী ২১ মে সন্ধ্যা ৬টায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সূত্রে জানা গেছে, বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে, আর্কাইভের আধুনিক প্রজেকশন হলে প্রতি সপ্তাহে পুরোনো, দুর্লভ ও জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা দর্শকরা সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।
আল রাজীব/ আয়না নিউজ