বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম ও অনিয়ম ঘটছে, তার জন্য জামায়াতে ইসলামী দায়ী। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত রাজনৈতিক সুবিধা নিতে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, জামায়াতে ইসলামী ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং দেশের বিভিন্ন অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে দেয়।
তিনি দাবি করেন, রাজনৈতিক ওই মহলটি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইতিহাসের বিভিন্ন সময় বিতর্কিত অবস্থান নিয়েছে। ১৯৪৭ ও ১৯৭১ সালের রাজনৈতিক ভূমিকাও তিনি সমালোচনার সঙ্গে উল্লেখ করেন।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের বিভিন্ন সহিংসতা ও নারী নির্যাতনের ঘটনাতেও অতীতে জামায়াতকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মুখোশধারী রাজনৈতিক শক্তির বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার এসব মন্তব্য গণমাধ্যমে আসার পর রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
হাফিজ/ আয়সা নিউজ