ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।
বৃহস্পতিবার (২১মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজটর সৃষ্টি হয়। ভোর পাঁচটা থেকে এই যানজট শুরু হয়।
ভুক্তভোগী এক যাত্রী বলেন, তিনি সকাল সাতটায় ঢাকা থেকে বাসে করে রওনা দেন। পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কাছে পৌঁছে যানজটে আটকা পড়েন। যেখানে সাধারণত পথ ৫০ মিনিটে অতিক্রম করা যায় তা পাড়ি দিতে যানজটের কারণে সোয়া দুই ঘণ্টা লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে গাড়ি আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঈদযাত্রা সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং টোল প্লাজার ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার হওয়ার কারণে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়তে শুরু করে। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।তবে যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূর্যয় / আয়না নিউজ