অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন থমাস ডুলি। শুক্রবার (২২ মে) সকালে রাজধানীতে পৌঁছান জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই কোচ। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দেয়।
৬৫ বছর বয়সী থমাস ডুলির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বাফুফে। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কোচিং ক্যারিয়ার বিবেচনায় তাকে বাংলাদেশের ফুটবলের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জার্মানিতে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন ডুলি। প্রায় নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দুটি বিশ্বকাপে অংশ নেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে সব ম্যাচ খেলেন তিনি। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কও ছিলেন। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলে সাতটি গোল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। জার্মান ক্লাব বায়ের লেভারকুসেন ও শালকের মতো দলে খেলেছেন তিনি। শালকের জার্সিতে জিতেছেন উয়েফা কাপ। এছাড়া এফসি কাইজারস্লাউটার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা শিরোপা।
খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেন। পরে ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন এবং প্রায় পাঁচ বছর দলটির সঙ্গে কাজ করেন। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে ফিলিপাইনকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তুলেছিলেন তিনি।
এছাড়া ভিয়েতনামের ক্লাব ভিয়েত্তেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডুলি। সর্বশেষ গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য গত সপ্তাহে গায়ানার চাকরি থেকে পদত্যাগ করেন।
আগামী ৫ জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই শুরু হবে থমাস ডুলির বাংলাদেশ অধ্যায়। এর আগে ২৪ মে থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি।
হাফিজ/ আয়না নিউজ