জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বর্তমানে পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে টোল আরোপের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলসীমা এবং সেখানে কোনো দেশের পক্ষ থেকে টোল আদায় গ্রহণযোগ্য নয়। তিনি জানান, আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।
ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমাদের নৌ-অবরোধ শতভাগ কার্যকর। এটি এতটাই শক্তিশালী যে কেউ তা ভাঙতে পারেনি।”
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৪টি জাহাজ চলাচল করেছে। তবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে যুক্তরাষ্ট্র।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি তেলের বাজারেও।
হাফিজ/ আয়না নিউজ