রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের মধ্যে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হতে পারে না; এটি পুরো সমাজের মানবিকতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। তিনি ঘটনার দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
শাকিব খান আরও উল্লেখ করেন, বিচার প্রক্রিয়ায় বিলম্ব ভুক্তভোগী পরিবারের কষ্টকে দীর্ঘায়িত করে এবং সমাজে ভুল বার্তা দেয়। তাই ভবিষ্যতে এমন নৃশংস অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান তিনি, যাতে কোনো সন্তানের পিতাকে আর বলতে না হয় দেশে বিচার নেই।
এদিকে, ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন মহলে প্রতিবাদ ও বিচারের দাবি জোরালো হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।
পরিবারকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে যান রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ