| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 8154 বার পঠিত
সৌদিতে আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।

শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা যায়, নতুন করে মারা যাওয়া তিনজন হজযাত্রীর মধ্যে সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। অপর দুইজন মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তারা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।

সরকারি বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

এদিকে, হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসাকেন্দ্র ও আইটি হেল্পডেস্কের কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে এবং ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাহর ময়দানে অবস্থান অনুষ্ঠিত হবে।

হাফিজ/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪